* ২ *
কিছু কথা, কিছু স্মৃতি
জগন্নাথ সাহা রোড, শাহেদ স্যারের দোতলা বাসা
সেখানেই ছিল আমার আর মেয়েটির যাওয়া আসা।
আঠারো বয়স আমার, সে সতেরো
স্যারের বাসায় পড়তে যাবার কী যে তাড়াহুড়ো!
আঁড়াআঁড়ি টেবিলের কোনাকুনি চেয়ারে
দুটি মন এক হতো চোরা নজরে।
আহ্! সে যে কী সুখ, পাগলপারা
ফুল আর প্রজাপতি প্রেমে মাতোয়ারা।
মাস গিয়ে বছর শেষে পরীক্ষা এলো
স্যারের বাসায় যাতায়াতও বন্ধ হলো।
সব কিছুরই শেষ আছে, এ জীবন-ও তাই
তবু কিছু কথা, কিছু স্মৃতি, যারে ভুলিবার নয়।
পুনশ্চঃ বাংলার এক নবাবের বেগমের নামে নাম,
আমার এই কবিতাখানি তাহাকে উৎসর্গ করিলাম।
২৪শে অক্টোবর, ২০২২
![]()
* ১ *
ভালোবাসার আজিমপুর কলোনী
ভালোবাসার আজিমপুর কলোনী
রচনা করেছে হাজারটা প্রেম কাহিনী।
বিরহের, মিলনের, কতো নানান স্বাদের
প্রকাশিত, অপ্রকাশিত, টক-মিষ্টি প্রেমের।
কেউ মনে রাখে, কেউ-বা ভুলে যায়
জীবন বহতা নদী, সে কি থেমে দাঁড়ায়?
তারপরও কথা থাকে, কথা থাকবে চিরদিন
ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার ঋণ।
৪ঠা অক্টোবর, ২০২২
![]()
[পাদটীকাঃ ঢাকার আজিমপুর কলোনী আমার শৈশব, কৈশোর, তারুণ্যের আদি ঠিকানা। জীবনের প্রথম একুশটি বছর কেটেছে সেখানে।
হাজারো স্মৃতির সূতিকাগার এই ভালোবাসার আজিমপুর কলোনী। ভাবতে গেলেই আমি নষ্টালজিক হয়ে যাই।
আর দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে এই স্মৃতিকাতরতা বেড়ে যায় হাজারগুনে। তারই ধারাবাহিকতায় জন্ম এই ছোট্ট কবিতাখানি।]